রূপপুর পরমাণু বিদ্যুত্ প্রকল্পে অ্যাঙ্গেল ভেঙে দুই শ্রমিক নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে লোহার অ্যাঙ্গেল ভেঙে মাথায় পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ২ নম্বর ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টেস্ট রোশেম’-এ কর্মরত মনিরুজ্জামান মনির (৩২) এবং মাধব চন্দ্র সরকার (৩৩)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) নামের দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো     হয়েছে। নিহত মনিরের বাড়ি ঈশ্বরদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. সাদিয়া হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২ নম্বর ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ের ভেতরে ঐ শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ক্রেন দিয়ে পানির জার রিয়্যাক্টর বিল্ডিংয়ের নিচে নামানোর সময় জারের ধাক্কায় অ্যাঙ্গেল ভেঙে নিচে কর্মরত ঐ শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের প্রাণহাণি ঘটে। আহত অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে।