চকরিয়ায় গভীর রাতে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

কক্সবাজারের চকরিয়ায় কৃষকলীগ নেতা সরোয়ার কামালকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার কামাল ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মিঠাছড়ি এলাকার ছৈয়দ নূরের ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঘোনার পাড়ায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে রাত ৩টায় বাড়িতে গিয়ে উঠানে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই। এ সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

তিনি আরো বলেন, রাতে মুখোশ পরা চার-পাঁচ জন দুর্বৃত্ত সরোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে বলে তার শ্যালক মো. সাদেক জানায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।