ই-কমার্স নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

ই-কমার্স তদারকি করতে একটি ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ (নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ই-কমার্স রেগুলেটরি অথরিটি করতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ হবে না—এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। আবেদনে বাণিজ্য সচিব, অর্থ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ রিটের শুনানি হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাঁধন এ রিট করেন।

এদিকে ই-কমার্সের প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী গ্রাহকদের অর্থ ফেরত দিতে অবিলম্বে পদক্ষেপ চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এবং ইভ্যালি ও ই-ওরেঞ্জের দুই জন গ্রাহকের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার। গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানসহ ১৮ জন বরাবর ইমেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

হুমায়ন কবির জানান, গত কয়েক বছরে কিছু প্রতিষ্ঠান সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর নজরদারির অভাবের সুযোগে গ্রাহক আকর্ষণে বিভিন্ন অনৈতিক অফার, ডিসকাউন্ট নামে গ্রাহকদের প্রলুব্ধ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত্ করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব অপকর্মের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তসহ গ্রাহকের স্বার্থ রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ নোটিশ পাঠানো হয়েছে।