নারী সাংবাদিক কেন্দ্রের মানববন্ধন
ইত্তেফাক রিপোর্ট
একুশে টিভির নারী সাংবাদিকের উপর যৌন নির্যাতনে অভিযুক্ত চিফ রিপোর্টার এম এম সেকান্দারের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়। সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, আক্তার জাহান মালিক, শাহনাজ সিদ্দিকী সোমা, দিলরুবা খান প্রমুখ।
বক্তরা বলেন, সকল গণমাধ্যমসহ কর্মপ্রতিষ্ঠানে নারীর কর্মপরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। সকল প্রতিষ্ঠানে হাইকোর্টের রায় কার্যকর করে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করতে হবে। মানবন্ধনে দেশে চলমান নারী ও শিশু নির্যাতনের দুঃখ প্রকাশ করে জরুরি উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
