আজ থেকে সারাদেশে পণ্য পরিবহন সেক্টরে ৭২ ঘন্টা কর্মবিরতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

১৫ দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬ থেকে থেকে সারা দেশে পণ্যপরিবহন সেক্টরে ৭২ ঘণ্টা কর্মবিরতি শুরু হচ্ছে। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক অ্যাসোসিয়েশন শ্রমিক ফেডারেশনের যৌথ আহ্বানে এ কর্মবিরতি শুরু হচ্ছে। কর্মবিরতি পালন উপলক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে দুই সংগঠনের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ মুকবুল আহমেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো . মনির, বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন মহাসচিব চৌধুরী জাফর আহম্মেদ, জেনারেল সেক্টেটারি ওয়াজি উল্ল্যাহ, বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন নেতা আলহাজ আবুল কাশেম, আব্দুল মোতালেব, মাছুম পাটোয়ারী, মো. আবুল কাশেম পাটোয়ারী প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধানী প্রস্তাবসহ ১৫ দফায় দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিস্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি শান্তুিপূর্ণ ভাবে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালনের জন্য মালিক ও শ্রমিকদের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘণ্টা কর্মবিরতির মধ্যে যদি দাবি পূরণ না হয় পরবর্তী সময়ে  কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন।