তালেবান মন্ত্রিসভার আকার বাড়ল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

আলজাজিরা

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে তালেবান। মঙ্গলবার ডেপুটি মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে এবারও কোনো নারীকে মন্ত্রিসভায় রাখা হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে দিয়ে বলে আসছে, তালেবানকে বিচার করা হবে তাদের কাজ দিয়ে। আর তালেবান নেতৃত্বাধীন সরকারের স্বীকৃতির বিষয়টি নির্ভর করবে নারী ও সংখ্যালঘুদের সঙ্গে তাদের আচরণের ওপর। ১৯৯০-এর দশকে তালেবানের পুরোনো শাসনামলে নারী ও মেয়ে শিশুদের স্কুল, কলেজ, কাজে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণের পক্ষে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, এতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও যুক্ত করা হয়েছে। তিনি জানান, হাজারো জনগোষ্ঠীর সদস্যও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ভবিষ্যতে হয়তো নারীরাও যুক্ত হবে। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে মুজাহিদ বলেন, ‘আমাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার দায়িত্ব জাতিসংঘ এবং অন্য দেশগুলোর। ইউরোপিয়ান, এশিয়ান এবং ইসলামিক দেশগুলোর উচিত আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা।’