সব ধরনেই পণ্যই এখন অনলাইনে কেনাবেচা হয়। আর এরই সুযোগ নিচ্ছে কিছু অনলাইন অসত্ ব্যবসায়ী। এই চক্রের সদস্যরা ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন নামের ফেসবুক পেজ খোলে। এরপর এসব পেজে ভালো মানের মোবাইল ফোন, জুতা, ঘড়ি, থ্রি-পিস, শাড়িসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়। সেসব বিজ্ঞাপন দেখে কেউ অর্ডার করলে, অর্ডার নিশ্চিত করার সময় একটি বুকিং মানি নেওয়া হয়। এরপর নকল, ভাঙাচোরা, নষ্ট ও নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী প্যাকিং করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয়। অনেক সময় তারা নিউমার্কেটের সামনের ফুটপাত থেকে নিম্নমানের কাপড়চোপড় কিনে সরবরাহ করে। এমন অসদাচরণ থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু উদ্যোগ নিয়ে এমন ভুয়া ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি।
মো. মনিরুল ইসলাম
ভুলবাকুটিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ
