বিআরটিএ, পাসপোর্ট অফিস, ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তর বা হাসপাতালে বেড়েই চলেছে দালালদের দৌরাত্ম্য। কোনোভাবেই যেন তাদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলছে এসব অফিস-আদালতে সেবা নিতে যাওয়া মানুষকে। বিশেষ করে সরকারি হাসপাতালে একটি প্রতারকচক্র সব সময় সক্রিয়। এরা হাসপাতালের গেট কিংবা জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। কখনো কখনো সরকারি হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে তাদের সঙ্গে চুক্তি থাকা বেসরকারি হাসপাতালে ভাগিয়ে দেয়। এসব দালাল একটি সময় রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে জেলা ও উপজেলা শহরের সরকারি হাসপাতালেও তাদের কার্যক্রম চালাচ্ছে। ফলে হাসপাতালে চিকিত্সা নিতে গিয়ে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এজন্য এদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিতে হবে। যদিও আমরা দেখি, বিভিন্ন সময় এসব হাসপাতাল কিংবা পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তবে এককালীন অভিযান না চালিয়ে সারাবছর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে হয়তো অনেকাংশেই কমে আসবে দালালদের দৌরাত্ম্য। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রিয়াদ হোসেন
শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা
