লোডশেডিংয়ের যন্ত্রণা প্রাণে সয় না

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে গত দুইমাস ধরে চরম বিদ্যুত্ বিভ্রাট দেখা দিয়েছে। প্রচণ্ড খরতাপ, অন্যদিকে বিদ্যুতের নিয়মিত ঘনঘন আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। সরকারের হিসাবমতে দেশে কোনো বিদ্যুতের ঘাটতি না থাকলেও সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সময়-অসময় দেখা দিচ্ছে পল্ল­ীবিদ্যুত্ অফিসের কর্মকর্তার-কর্মচারীদের সাজানো ও কথিত বিদ্যুত্ সঞ্চালনের লাইনে ত্রুটি। দিন-রাত সমান তালে চলছে লোডশেডিং। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে সাধারণ মানুষকে দুঃসহ গরমে দিন-রাত পোহাতে হচ্ছে লোডশেডিংয়ের তীব্র যন্ত্রণা। গরমে-ঘামে অস্থির গোপালপুর তথা হাদিরার মানুষ বিদ্যুতের অনবরত লোডশেডিং থেকে রেহাই পাবেন কবে তা একমাত্র কর্তৃপক্ষই বলতে পারেন।

আল আমীন, গোপালপুর, টাঙ্গাইল