রাস্তার পাশে ময়লার ভাগাড়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

লক্ষ্মীপুর জেলা সদরের পৌরসভার ওয়েলকাম রেস্টুরেন্ট সংলগ্ন রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা একটি ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হচ্ছে দুর্গন্ধ। এতে দূষণের শিকার হচ্ছেন পথচারীসহ এলাকার সাধারণ মানুষ। নাক-মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে রাস্তায়। পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় মহাসড়কের পাশে প্রতিদিন ট্রাক ও ট্রলি ভর্তি ময়লা ফেলা হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীরা সব থেকে বেশি অসুবিধায় পড়ছে। অতিরিক্ত দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে অসুস্থ হয়ে পড়ছে আশেপাশে বসবাসরত শিশুসহ অনেক বৃদ্ধ নারী-পুরুষ। এদিকে পলিথিন ও প্ল­াস্টিকসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানে দূষিত হচ্ছে মাটি ও পরিবেশ। অতিদ্রুত ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ওসমান গণি, লক্ষ্মীপুর