নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

নরসিংদী প্রতিনিধি

গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার নরসিংদী শহর আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নরসিংদী শহর আওয়ামী লীগের মোট ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। এদের মধ্যে চার জন মৃত্যুবরণ করায় বর্তমানে মোট সদস্যের সংখ্যা ৬৩। এই ৬৩ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ সদস্যের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে  স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক দীপক কুমার সাহা।