মনিরামপুরে ক্লিনিক সিলগালা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ডাক্তার না হয়েও মালিক নিজেই সার্জন!

মনিরামপুর (যশোর) সংবাদদাতা

বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার মনিরামপুরের মনোয়ারা ক্লিনিকটি সিলগালা করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন। তিনি জানান, অভিযানকালে ক্লিনিকের অপারেশন থিয়েটারে উপজেলার মাছনা গ্রামের এনামুল হকের স্ত্রী সেলিনা খাতুনের সিজারের কাজ চলছিল। তিনি ওটি কক্ষে নিজেই প্রবেশ করে কোনো সার্জন, অ্যানেসথেসিষ্ট, ডিপ্লোমা নার্স পাননি। তখন তিনি নিজে ওটিতে থেকে সিজার সম্পন্ন করান। হাসপাতালে ১০টি বেড থাকার নিয়ম থাকলেও সরেজমিনে ১৮টি বেড ও সিজারিয়ানের চার জন রোগী ভর্তি ছিল। চার জন নার্সের কারো ডিপ্লোমা সার্টিফিকেট নেই। ক্লিনিক কর্তৃপক্ষ নার্স ও ডাক্তারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অপারশন থিয়েটারে এনামুল হক তুষার নামে একজন এমবিবিএস ডাক্তার থাকলেও তিনি সার্জিক্যালে পারদর্শী নন এবং তার ঐ ক্লিনিকে নিয়োগপত্রের কোনো কাগজ  দেখাতে পারেনি ক্লিনিক কর্তৃপক্ষ। ডা. তুষার ও শিক্ষানবিশ নার্স রাবেয়া জানান, ক্লিনিক মালিক আ. হাই নিজেই অপারেশন করান।