আমি সভাপতি হতে চাই না :পাপন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

নির্ধারিত সময়েই বিদায়ী বোর্ড সভায় হাজির হয়েছিলেন বিসিবি পরিচালকরা। গতকাল দুপুর ২টায় শুরু হওয়া বর্তমান বোর্ডের শেষ সভায় অবশ্য পরিচালকদের সবাই ছিলেন না। এক ঘন্টা পরই টানা দুই মেয়াদে পরিচালক থাকা তানজিল চৌধুরী স্টেডিয়াম ছেড়ে যান, সঙ্গে ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে আর পরিচালক হবেন না তানজিল। যাওয়ার আগে বলে গেলেন, ‘দুই মেয়াদে তো থাকলাম। পরিচালক না থাকলেও ক্রিকেটের সঙ্গেই থাকবো।’ পরে গাজী গোলাম মুর্তজা পাপ্পা, শওকত আজিজ রাসেল বিদায় নেন। এবারের বিসিবি নির্বাচনে থাকবেন না রাসেলও।

বিকেল ৫ টায় শেষ হওয়া বোর্ড সভায় আসন্ন নির্বাচনের চূড়ান্ত কাউন্সিলর তালিকার অনুমোদন দিয়েছেন পরিচালকরা। নির্বাচন কমিশনের তপসিল ঘোষণার মধ্য দিয়ে দ্রুতই নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে। গতকাল সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, উন্মুক্ত নির্বাচন চান, কোনো প্যানেল থাকবে না। বিসিবিতে নতুন নেতৃত্ব দেখতে চান তিনি। বোর্ড সভাপতি হতে না চাওয়ার ইচ্ছা পুনরায় ব্যক্ত করেছেন পাপন।

গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে। নির্বাচন হবে। যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি। তাহলে আমি একজন পরিচালক হয়ে আসবো।’

বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) ২০১২ সালে আইসিসি সভাপতি হওয়ার পর সরকার মনোনীত সভাপতি হয়ে বিসিবিতে আসেন পাপন। পরে ২০১৩, ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন তিনি। সবকিছু ঠিক থাকলে টানা তৃতীয় মেয়াদেও সভাপতি হতে যাচ্ছেন তিনি। যদিও এ পদে আর থাকতে চান না বলে জানিয়েছেন পাপন।  তিনি বলেন, ‘আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না।’

বিসিবিতে নতুন নেতৃত্ব চান পাপন। তিনি বলেছেন, ‘আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নেতৃত্ব আসবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উন্মুক্ত থাকুক।’ বোর্ড সভাপতি পদে নতুন কেউ আসুক, তাকে চ্যালেঞ্জ জানাক, এমনটাই চাওয়া পাপনের। এদিকে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আরও জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজনের জন্য আইসিসিতে আবেদন করেছে বিসিবি। টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজক হতে চায় বাংলাদেশ। আর ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে আবেদন করেছে বিসিবি।