মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেত্রীর কাণ্ড

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষোভ, হতাশা, কষ্ট নিয়ে ময়মনসিংহের এক আওয়ামী লীগ নেত্রী ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ফাঁসির কারণ হিসেবে নিজের ‘ভুল’ ও ‘অপরাধে’র কিছু তথ্য তুলে দেন তিনি। এমন স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তোলা এই নেত্রী হচ্ছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম। উপনির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন তিনি। পরবর্তীতে সংরক্ষিত আসনে এমপির মনোনয়নপত্র জমা দেন। এবারো ভাগ্য সুপ্রসন্ন হয়নি। আওয়ামী লীগের মনোনীত ৪১ জনের তালিকায়ও নেই তিনি।

এ প্রসঙ্গে নাজনীন আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর স্বামী ফেরদৌস আলম ফোন রিসিভ করে জানান, তাঁর স্ত্রী হাসপাতালে গেছেন। তিনি বলেন, ‘আপনারা জানেন আমার স্ত্রী ও আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। সাধারণ মানুষের সুখে-দুঃখে মিশে আছি। দলের জন্য জীবনের যা অর্জন ছিল সব দিয়ে দিয়েছি। এরপরও আমরা কী পেলাম?’