ফের ক্ষমতায় ফিরলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি জাস্টিন ট্রুডোর দল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

জাস্টিন ট্রুডোই হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী। তৃতীয় মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হলেও সংখ্যাগরিষ্ঠতা পাননি। অথচ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্যই তিনি আকস্মিকভাবে মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। সেই আগের মতো আসন নিয়েই তাকে সরকার গঠন করতে হচ্ছে। বরং গতবারের চেয়ে রক্ষণশীলদের আসন আরো বেড়েছে।

কানাডার হাউজ অব কমন্সে ৩৩৮টি আসনের বিপরীতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনের প্রয়োজন। ট্রুডোর দল লিবারেল পার্টি ১৫৭টি আসন নিয়ে আবারও মাইনরিটি গভর্নরম্যান্ট গঠন করতে যাচ্ছে। কানাডার ৪৪তম কেন্দ্রীয় নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যায়, লিবারেল পার্টি ১৫৭টি, কনজারভেটিভ ১২২টি, ব্ল্যাক কুইবেক ৩১টি, এনডিপি ২৬ এবং গ্রিন পার্টি দুইটি আসন লাভ করে। ২০১৯ সাল অর্থাত্ গত নির্বাচনে লিবারেল পার্টি ১৫৭টি, কনজারভেটিভ ১২১টি, ব্ল্যাক কুইবেক ৩২টি, এনডিপি ২৪ এবং গ্রি পার্টি তিনটি আসন এবং ইন্ডিপেন্ডেন্ট একটি আসন লাভ করছিল।

সদ্যসমাপ্ত নির্বাচনে ৯৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ভোটের পরিমাণ লিবারেল ৩১ দশমিক ৮৮ শতাংশ, কনজারভেটিভ ৩৪ দশমিক ১৪ শতাংশ। আর গত নির্বাচনে লিবারের ৩৩ দশমিক ১ শতাংশ আর কনজারভেটিভ ৩৪ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল। লিবারেলের আসন সংখ্যা বেশি হলেও এবারও কনজারভেটিভের চেয়ে ভোটের পরিমাণে পিছিয়ে আছে। এবার আসনের দিক দিয়ে ব্ল্যাক কুইবেক তৃতীয় স্থানে থাকলেও ভোটের পরিমাণে এনডিপি ১৭ দশমিক ৭১ শতাংশ পেয়ে তৃতীয়। সেখানে ব্ল্যাক কুইবেক ভোটের পরিমাণ ৭ দশমিক ৯১ শতাংশ।