সিলেটে বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

সিলেট নগরীতে বাসার ছাদে ঝুলন্ত অবস্থায় দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর আম্বরখানা মজুমদারি এলাকায় এই ঘটনা ঘটেছে। আপন দুই বোন ছাদের ওপরে থাকা পিলারের রডের সঙ্গে রশি ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, দুই বোনের লাশ উদ্ধারের পর প্রতিবেশী ও  স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাদের পারিবারিক কারণ নিয়ে একটা হতাশা থাকতে পারে। তবে কোনো বিষয় নিশ্চিত করে এখনি বলা যাচ্ছে না। বিশদ তদন্ত প্রয়োজন।

মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন মরহুম কলিমউল্লাহ শেখের মেয়ে রানি (৩৮) ও ফাতেমা (২৭)। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে গিয়ে দুই বোনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। থানার এসআই মফিজ  বলেন, চার বোনের মধ্যে এক জনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে বাস করেন। বাকিদের বিয়ে হয়নি। মফিজুল ইসলাম বলেন, এই পরিবারের সদস্যরা কিছুটা ‘চাপা’ স্বভাবের। কারো সঙ্গে তেমন মেশে না। আত্মীয়স্বজনদের সঙ্গেও তাদের তেমন যোগাযোগ নেই।