সুদানে একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন। তারা এই চেষ্টার পেছনে সাবেক ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের হাত আছে বলে অভিযোগ করেছেন। খবর আলজাজিরার
সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক বলেছেন, আগের সরকারের চেয়ে প্রসারিত পদক্ষেপ এই অভ্যুত্থান চেষ্টা। ২০১৯ সালে ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরে রাস্তাঘাট ও বন্দর বন্ধ করে অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। তারা জাতীয় সংকটের সুযোগ নিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে। এর আগে গতকালই তথ্যমন্ত্রী হামজা বালৌল জানান, সাবেক প্রেসিডেন্ট বশিরের সঙ্গে সম্পর্ক থাকা সেনাবাহিনীর কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তারা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, সামরিক বাহিনীই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে যুক্ত নেতাদের গ্রেফতার করা হয়েছে। তবে সরকারের একটি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায়ই অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।
