রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও আগুনের ঘটনায় করা তিন মামলায় রিমান্ডে নেওয়া ৩৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার আদালত জিজ্ঞাসাবাদের জন্য ৩৮ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে দুই দিনে তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ৬৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য পৃথক তিন মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ৩৮ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ২৭ জনের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
৩৮ জনের মধ্যে তরিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আবু বক্কর সিদ্দিক ও হেলাল উদ্দিনসহ পাঁচজন বিভিন্ন জেলা থেকে ঢাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। আর বাকি আসামিরা বিএনপির সমর্থক বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ।
গোয়েন্দা দপ্তরে ৭ জনের জিজ্ঞাসাবাদ চলছে
বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আরিফা সুলতানা রুমা, রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ইউসুফ মৃধা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার যুবদল নেতা আবুল হাশিম সবুজ, বরগুনার তালতলী উপজেলার বিএনপি নেতা আমির হোসেন, বিএনপি কর্মী মো. মহসিন ও মামুনুর রশিদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন। শুক্রবার আদালত নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
