উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করুন ----আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১২

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, কাজের ক্ষেত্রে কোনো প্রশাসনিক সমস্যা দেখা দিলে যথাসময় তা আমাদের জানাতে হবে। প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার ও উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের স্থানীয় কর্মকর্তাদের সাথে ইউপি চেয়ারম্যানদের সম্পর্ক এমন ঘনিষ্ঠ পর্যায়ে থাকা কাম্য নয়, যা নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদ্রেক হয়। 

গতকাল রবিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদ ও পৌরসভার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সরকারের মন্ত্রণালয়গুলো থেকে প্রাপ্ত বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয়  জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে সহযোগিতামূলক। অর্থবছরের শেষে যাতে বরাদ্দ অব্যয়িত না থাকে তার জন্য সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া আবশ্যক। পৌর এলাকার জন্য একটি নগর পরিকল্পনা থাকা উচিত। ভাণ্ডারিয়া পৌরসভায় ভারত সরকারের সহায়তায় যে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন চলছে তার সুফল যাতে পৌরবাসী ভোগ করতে পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

ভাণ্ডারিয়া উপজেলা ও পৌরসভায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়। উপজেলার স্থানীয় প্রকৌশল বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা প্রভৃতি বিভাগের প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। পাশাপাশি ভাণ্ডারিয়া পৌরসভায় গৃহীত সড়ক উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ, বাসস্ট্যান্ড, সড়কবাতি ইত্যাদি নাগরিক সেবামূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

পৃথকভাবে অনুষ্ঠিত সভা দু’টিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, পৌর সহায়তা কমিটির সদস্য ও পৌর কর্মচারীবৃন্দ অংশ নেন। সভা দু’টিতে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভাণ্ডারিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ইসরাত জাহান। সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নদমূলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ। পৌরসভার মতবিনিময় সভায় পৌর সহায়ক কমিটি ও কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ আলী আকন, এনামুল কবির টিপু, আব্দুস সালেক তালুকদার, দেলোয়ার হোসেন সিকদার, আব্দুল কাদের হাওলাদার, ফাতেমা আক্তার, মঞ্জু রানী সিংহ, বেবী আক্তার প্রমুখ।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দকৃত নগদ অর্থের চেক, ধর্ম মন্ত্রণালয় হতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নগদ অর্থের চেক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপির আহ্বায়ক মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

‘অধিকার আদায়ে সোচ্চার হতে হবে’

আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হতে হবে। অতীতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমাদের ন্যায্যহিস্যা আদায়ে সক্ষম হয়েছি। আমি ভাণ্ডারিয়ায় ৩৪ বছরে কখনো উচ্ছেদের রাজনীতির কথা বলিনি। বাংলাদেশ সৃষ্টির পর বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার সাথে ওঠাবসা করেছি। এই এলাকায় কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেইনি, যা করতে পেরেছি তাই বলেছি।

ভাণ্ডারিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বারস এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাতে সংগঠনের কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও জেপি উপজেলা যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, নদমূলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান হোসেন তালুকদার, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম, মেম্বারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ মুন্সি, ইউপি সদস্য আব্দুল জলিল হাওলাদার, আব্দুস সালাম মোল্লা, সালমা বেগম, মাসুম তালুকদার বাবু, হারুন অর রশীদ, মো. শাহজাহান হাওলাদার ও রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম।