বাংলা ভাষা আমাদের অহংকার। একুশে ফেব্রুয়ারি আমাদের অস্তিত্ব। একুশ মানেই মাথা নত না করা, দৃপ্ত শপথের বাণী উচ্চারণ। একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নানা রকম আয়োজন আমাদের অহংকারেরই অংশ। বাংলা একাডেমির অমর একুশে বইমেলা উপলক্ষে এই ফেব্রুয়ারিতে প্রকাশ হয় বাংলাভাষার শত শত বই। বের হয় নানা ধরনের লিটল ম্যাগ। খুব যত্ন করে সেগুলো ছাপা হয়— আসে বইমেলাতে।
আমাদের কৈশোরে ফেব্রুয়ারি ছিল অন্যরকম। এখনকার মতো এত বড়, এত ব্যাপকতা না থাকলেও সে সময়ের একুশে ফেব্রুয়ারির সমস্ত কর্মযজ্ঞ ছিল আন্তরিকতায় পরিপূর্ণ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাতভর খালি পায়ে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাওয়া— সবকিছুইতেই একটা অন্যরকম মুগ্ধতা ছিল। সেই সময়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক লিটল ম্যাগের ব্যানারে সংকলন বের হতো। সেই সংকলন প্রকাশকে ঘিরে দলে দলে তরুণদের সে কী উচ্ছ্বাস-উদ্দীপনা! লেখা জোগাড় করা থেকে শুরু করে মেকাপ, ছাপা সবকিছুতেই ছিল উদ্যম আবেগ আর পরিশ্রমের ছাপ। তখন মুদ্রণ যন্ত্রে এত আধুনিকতা ছিল না। হাতে আঁকা দুই রঙা কিংবা চার রঙা লিটল ম্যাগাজিনের সেসব প্রচ্ছদ ছিল কী যে দারুণ দেখতে!
সব কাজ শেষে সেই ম্যাগাজিনগুলো একুশে ফেব্রুয়ারির ভোর থেকে বিক্রি হতো শহীদ মিনারে দুই টাকা কিংবা চার টাকায়। শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষেরা সেসব সংকলন কিনে নিত। যারা ওইসময় এই লিটল ম্যাগাজিনগুলো বের করত, তাদের অনেকেই আজ সমাজে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের সেই শ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আজ দেশের সরকারি বেসরকারি কিংবা নিজ প্রতিষ্ঠানে এক উচ্চ আসনে বসে আছেন। যেমন মনে পড়ে অনেকের নাম। যারা একুশের সংকলন করে বিখ্যাত হয়েছেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, সৈয়দ সালাউদ্দিন জাকী প্রমুখ। এই লিটল ম্যাগে সংকলন-এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিজ্ঞাপনের জন্যে ধর্না দিতে হতো।
দেশের প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠানই সে সময় এই সংকলনগুলোতে বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন পেয়ে যারপরনাই খুশি তরুণেরা বিপুল উত্সাহে নব উদ্যমে নেমে পড়ত এই সংকলন প্রকাশের কাজে।
অনেক সময় গড়িয়ে গেছে আমাদের জীবন থেকে। সময়ের বিবর্তনে ওই ধরনের প্রকাশনা আর দেখি না। সেই সময়ের সেই উদ্যমী তরুণদের মতো তরুণরা আজ কোথায়! সময়ের চাহিদা এখন সেই স্থানগুলো হয়তো দখল করেছে অন্য কোনো কিছু। হারিয়ে গেছে মমতা মেশানো সংকলন প্রকাশের সেই ছোট ছোট উদ্যোগ।
লেখক: শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক
