খালেদা জিয়ার বিচারকের বিরুদ্ধে মামলা করবেন কাদের সিদ্দিকী!

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০০:২৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমি নির্বাচনই করতে চাই না, সারাদেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই তিনি নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে।

ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার বিকালে সখীপুরে তাঁর বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বাংলাদেশে এত বড় কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। যে টাকা তছরুপ হয়নি সেই ২ কোটি টাকার জন্য যে বিচারক তাকে জেল দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করবো। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘ধানের শীষ’ প্রতীক আপনাদের না; ধানের শীষ এখন জাতীয় ঐক্যফ্রন্টের। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন।

স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতীক প্রমুখ বক্তব্য দেন।