সংসদই গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ -----------নাসিম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সংসদই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ। যে কোনো সমস্যা সমাধানের স্থান। সংসদে এসে কথা বলুন, গঠনমূলক সমালোচনা করুন। জনগণ এ জন্যই আপনাদেরকে ভোট দিয়েছে। গতকাল রবিবার বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, এক বছরে যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি,  জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে, তারা আর যাই হোক আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে পারবে না। আইনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে চেয়ারম্যান পদে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তাকে পরিচয় করিয়ে দেন এবং কাজিপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন এবং উপজেলা পরিষদে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। মোহাম্মদ নাসিম জনসভাস্থলে পৌঁছলে দলের বিভিন্ন সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে কাজিপুরে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জের প্রবেশমুখে মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।