সংসদে গেলেন এরশাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৭

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ সংসদে যোগ দিয়েছেন। গতকাল রবিবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে তিনি সংসদ ভবনে এসে পৌঁছান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ৪টা ৪০ মিনিটে অধিবেশন শুরু হওয়ার ১৫ মিনিট পর এরশাদ অধিবেশন কক্ষে প্রবেশ করে বিরোধী দলীয় নেতার চেয়ারে বসেন। ১৫ মিনিটের মত সংসদে অবস্থান করে তিনি সংসদ ভবন ত্যাগ করে  বারিধারার বাসার উদ্দেশে রওনা দেন।

৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে একাদশ সংসদ গঠনের পর গতকালই প্রথম অধিবেশনে যোগ দিলেন এরশাদ। গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সিঙ্গাপুরে চিকিত্সাধীন থাকায় এবং গত ৪ ফেব্রুয়ারি দেশে ফেরার পরেও তেমন সুস্থ না থাকায় এতদিন সংসদে যেতে পারেননি এরশাদ। উল্লেখ্য, ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা ছাড়ার পর এবারই প্রথমবারের মতো গণতান্ত্রিক সরকারের আমলে এরশাদ সংসদের বিরোধী দলীয় নেতা হন।