নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উত্সাহ উদ্দীপনায় গতকাল রবিবার সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতীর প্রতিমাকে দুধ, মধু, দই, ঘি, কর্পুর ও চন্দন দিয়ে ভোরে স্নান করানো হয়। সকালে পুরোহিতরা মন্ত্রে মন্ত্রে আরাধনা করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবাস করে বই, খাতা, কলম নিয়ে পূজামণ্ডপে গিয়ে দেবীর অর্চনা করে। ফুল, বেল পাতা, দূর্বা আর পুষ্পাঞ্জলীর মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রসাদ বিতরণ করা হয়। বিদ্যা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগেও বসতবাড়িতে এই বিদ্যাদেবীর পূজা উদযাপন করা হয়। তারাবো পৌরসভার বোচারবাগে আয়োজিত সরস্বতী পূজা মণ্ডপে আগত ঋতু দাস, আদর, শ্রাবন, পিযূষ, পূর্ণিমা, স্বর্ণাসহ শিক্ষার্থীরা জানায়, দেবী সরস্বতী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হয়। তাই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই পূজা উদযাপন করে। প্রাচীনকাল থেকে এই প্রথা চালু হয়ে আসছে। আগের দিনে তালপাতায় দোয়াত-কলম রেখে পূজা উদযাপন করা হতো।
বোচারবাগ পূজা উদযাপন কমিটির দিগেন বিশ্বাস, রিপন চন্দ্র পাল, বাদল চন্দ্র সরকার, পরিমল চন্দ্র সরকার বলেন, সন্ধ্যায় আরতি আর রাতে আলোকসজ্জার আয়োজনে পূজা প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ সাড়া পড়ে। বোচারবাগে শতাধিক বছর ধরে মেলার আয়োজন করা হয়। তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির বলেন, সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বোচারবাগসহ পৌরসভার সকল মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে রূপগঞ্জের সকল পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
