স্পোর্টস ডেস্ক
ছয় ম্যাচে গোল মাত্র একটি। সমালোচনার পাশাপাশি নিন্দাও চলছিল। তবে সেসবের কাছে মাথা নিচু করেননি লুইস সুয়ারেজ। হেতাফের বিপক্ষে জোড়া গোল করে আবারও দেখিয়ে দিলেন দমে যাওয়ার সময়টা এখনো বেশ দূরে। উরুগুইয়ান এই স্ট্রাইকারে ভর করেই ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই ম্যাচের আগে টানা দুই ম্যাচ হতাশাজনক ড্র নিয়ে ফিরেছে দিয়েগো সিমিওনের দল। হেতাফের মাঠে প্রথমার্ধে খুব একটা নিয়ন্ত্রণ দেখাতে পারেনি তারা। জান অবলাকের আত্মঘাতী গোলে ৪৫ মিনিটে এগিয়ে যায় হেতাফে। তবে ৭৪ মিনিটে কার্লেস এলিনা লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। আর সেই সুযোগ খুব ভালোভাবেই নেন সুয়ারেজ। ৭৮ মিনিটে ডি বক্স থেকে সমতা ও অতিরিক্ত সময়ে হেডের মাধ্যমে জয় নিশ্চিত করেন ৩৪ বছর বয়সি এই স্ট্রাইকার।
ম্যাচ শেষে সমালোচনা নিয়ে সুয়ারেজ বলেন, ‘শীর্ষপর্যায়ের সব খেলোয়াড়ের শেখা দরকার সমালোচনার সঙ্গে কীভাবে বাস করতে হয়। তবে আমি যেটা করি, সেটা হলো কখনোই হার মানি না এবং আমি সমালোচনার কাছে কখনোই হারব না।’
