ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মো. সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাজিসুল ইসলাম ধর্ষিতার জবানবন্দি শেষে মামলাটি আমলে নেন। বিজ্ঞ বিচারক ময়মনসিংহের পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবলের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, বাদিনী অভিযোগ করেন যে, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত্ ঐ যুবতিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে গত ২১ মে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিয়ের প্রলোভন ও খুন জখমের ভয় দেখিয়ে আবারও গত ২ জুলাই আবারও ধর্ষণ করেন। এরপর ঐ যুবতি বারবার বিয়ের কথা বললেও সাদ্দাম হোসেন এড়িয়ে যান। একপর্যায়ে ঐ যুবতি তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল জানান, আসামি পুলিশ কনস্টেবল মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ বিজ্ঞ আদালত গ্রহণ করেন এবং বাদিনীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবল সাদ্দামের বিষয়ে অভিযোগ পেয়েছি।