বরিশাল অফিস
বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের সাত জন কৃতী সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নগরীর কাশীপুরে ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানে বিগত এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত সাত শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট, একটি সম্মাননাপত্র এবং নগদ ১৫ হাজার করে টাকা দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পুলিশের মেধাবী সন্তানদের এই মেধাবৃত্তি প্রদান করে। মেধাবৃত্তি প্রাপ্ত সাত জন অনুষ্ঠানে বলেন, এই প্রাপ্তি তাদের আরো ভালো ফলাফল করতে উত্সাহিত করবে। তবে তারা সবাই তাদের পুলিশ পিতাকে প্রতিদিন দেখার জন্য পরিবারের কাছে পোস্টিং চেয়েছেন। শিক্ষার্থীদের দাবির জবাবে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এই শিক্ষার্থীরা বড় হয়ে যেন তাদের পিতাকে তাদের কাছে রাখেন এবং শ্রদ্ধা ও যত্ন করেন সেই আবদার করেন ডিআইজি। অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
