চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের (এডিও) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। যা এর আগের প্রতিবেদনে ৭ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এর পরেও এই প্রবৃদ্ধিকে শক্তিশালী পুনরুদ্ধার বলে উল্লেখ করেছে সংস্থাটি। গতকাল বুধবার প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নির্ভর করছে কতটা শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার হবে তার ওপর। এই প্রবৃদ্ধির হার করোনা পূর্ববর্তী সময়ের অর্থনৈতিক অবস্থার চেয়েও কম। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর বাংলাদেশের মূল্যস্ফীতির হার কিছুটা বাড়বে। চলতি অর্থবছর বাংলাদেশের মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। এডিবি প্রত্যাশা করছে, চলতি হিসাবের ঘাটতি জিডিপির শূন্য দশমিক ৬ শতাংশের মধ্যে থাকতে পারে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, জীবিকা রক্ষায় সরকারের নীতি বাংলাদেশে পুনরুদ্ধারের প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে। করোনার এই কঠিন সময়ে বিশ্বের যে কয়টি দেশ প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ তাদের মধ্যে একটি। বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রণোদনা কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সাহায্য করেছে। আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই সংস্কার, বৈদেশিক বিনিয়োগ, পণ্য বৈচিত্র্য এবং প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেন তিনি।
