মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি ভোলা জেলায়। শনিবার রাত ৮টার দিকে সিরাজদিখান-তালতলা সড়কের বড় পাউলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার এসআই নিরঞ্জন রায় জানান, একটি ইট ভাঙার মেশিনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শ্রমিক মো. মোস্তফা গাড়ির নিচে পড়ে যান। স্থানীয়রা মোস্তফাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

৯২ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৯২ ক্যান বিয়ারসহ মো. শাহাজালাল মোল্লা (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। সে লৌহজংয়ের খলাপাড়া গ্রামের মো. মালেক মোল্লার ছেলে। রবিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একটি দল লৌহজংয়ের খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. শাহাজালাল মোল্লাকে বিয়ারসহ গ্রেফতার করে। এছাড়া বিয়ার বিক্রির নগদ ৯ হাজার ৬৫০ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।