বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ২০২১ সালের ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি তরুণী ফায়রুজ ফাইজা বিথার। মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়।
গেটস ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বা নেতৃত্ব দিয়ে সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবে চেঞ্জমেকার অ্যাওয়ার্ড দেওয়া হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) সহায়তা করছে এমন ব্যক্তিদের গেটস ফাউন্ডেশন এ পুরস্কার দেয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অনলাইন প্ল্যাটফরম মনের স্কুলের সহ-প্রতিষ্ঠাতা। স্কুলটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সারা দেশে মানসিক স্বাস্থ্যসেবা সমানভাবে নিশ্চিত করা। এর স্বীকৃতি হিসেবে তাকে ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ সম্মানে ভূষিত করা হয়েছে। গোলকিপার্স ক্যাম্পেইনের অংশ হিসেবে আরো তিন জন বিজয়ীর নাম ঘোষণা করেছে গেটস ফাউন্ডেশন। তাদের মধ্যে রয়েছেন ইউএন উইমেনের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ফুমজিলে মলাম্বো নকুকা।
