উদ্ধার হলো কার্জন হল এলাকার ফুটপাত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বিজ্ঞান গ্রন্থাগার, কেন্দ্রীয় খেলার মাঠ এবং হাইকোর্ট এলাকার পার্শ্ববর্তী ফুটপাতগুলো উদ্ধার করা হয়েছে। এসব জায়গায় থাকা নার্সারি, ভ্রাম্যমাণ দোকান ইত্যাদি সরিয়ে ফেলা হয়েছে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভাসমান মানুষকেও ঐ এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আগে থেকেই ফুটপাত ছেড়ে দিতে বলা হয়েছিল; কিন্তু ভ্রাম্যমাণ দোকানগুলো না সরায় বুধবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাতে থাকা সবকিছু সরিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেবা আনিকা বলেন, নার্সারি ও শৌখিন জিনিসপত্রের দোকানগুলোর কারণে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করতে পারে না। শিক্ষার্থীদের ফুটপাত রেখে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।