কালীগঞ্জে চুমকিকে গণসংবর্ধনা

‘আস্থা থাকায় আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করে জনগণ’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৫

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

চুমকি বলেন, এদেশের মানুষের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আর সেজন্যই তারা আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করে দেশ উন্নয়নের দায়িত্ব দেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

তুমলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান প্রমুখ। এ সময় দুদকের সাবেক মহাপরিচালক শহিদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।