কবি আল মাহমুদ আইসিইউতে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৮

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ গুরুতর অসুস্থ। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়েছে তাকে। কবির অবস্থা সম্পর্কে তার জ্যেষ্ঠ পুত্র মীর স্বপন জানান, কিছু খেতে পারছিলেন না। এ অবস্থায় গত পরশু হাসপাতালে ভর্তি করি আমরা। অবস্থা বুঝে চিকিত্সক কবিকে প্রথমে সিসিইউতে রাখেন। গত শনিবার রাতে পরিস্থিতি খারাপের দিকে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে কবি আইসিইউতে চিকিত্সাধীন।

আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন। ডাক্তার আবদুল হাই জানিয়েছেন, কবি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত, হার্টের সমস্যাসহ বয়সজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে।

কবির জ্যেষ্ঠ কন্যা আতিয়া মীর জানান, গতকাল সকালে অধ্যাপক আব্দুল হাই সাহেব বাবাকে ডেকেছিলেন এবং বাবা সাড়া দিয়েছেন। আগের চেয়ে একটু ভাল আছেন।

কনিষ্ঠ কন্যা ফাতিমা মীর জানান, আইসিইউতে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপর অবস্থার উন্নতি হলে বাবাকে এইচডিইউ অথবা সিসিইউতে দেওয়া হবে বলে চিকিত্সক আমাদের ব্রিফ করেছেন। কবির চতুর্থ ছেলে মীর মনির জানান, আমরা সব সময় বাবার পাশে আছি যাতে বাবার কোনো অসুবিধা না হয়। হাসপাতালে কবির পাশে আছেন কবির কন্যা, পুত্র, পুত্রবধূ, জামাতা, নাতি, স্বজন ও শুভার্থীগণ।