কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের নির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গতকাল রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গণতন্ত্রী পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির প্রার্থী হাজী মোস্তাইন বিল্লাহ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো: তাজুল ইসলাম জানান, একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, এতদসংক্রান্ত কাগজপত্র রাতেই নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচনের তারিখ ধার্য ছিল। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাংককে চিকিত্সাধীন অবস্থায় এ আসন থেকে সৈয়দ আশরাফুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।
