এক মাসে ১০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে: পলক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭

বিগত এক মাসে ১০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কের সভা কক্ষে ‘ভিশন ২০২১ টাওয়ার-২’ তৈরির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান।

তিনি বলেন গত ৬ বছরে স্টার্টআপে অনেক বিদেশি বিনিয়োগ এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি দেখছি গত কয়েকদিন যাবত ই-কমার্স সেক্টরে অস্থিরতা যাচ্ছে, কিন্ত আমি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই ই-কমার্সের প্রসার হবেই। সব ব্যবসা আস্তে আস্তে ডিজিটাল হতে বাধ্য। এ সেক্টরে নিয়ম, আইন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সরকারি-বেসরকারি সেক্টরের সবাই মিলে এ যে ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ ব্যাপারে যথাযত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ২০০৪ সালে স্যামসাং কোম্পানি দেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসলেও; তৎকালীন বিএনপি-জামাতের দুনীতির কারণে বিনিয়োগ করতে পারেনি জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, যারা একসময় সমালোচনা করেছিলেন তাদের জবাব দিতে চাই আজ আমরা পরিসংখ্যান দিয়ে, কাজ দিয়ে। দেশে আজকে ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। ১৮ হাজার সরকারি অফিস ইন্টারনেট ফাইবার অপটিক্যাল ক্যাবলে কানেক্টেড। দেশের ৩৮’শ ইউনিয়ন ফাইবার অপটিক্যাল ক্যাবলে কানেক্টেড, বাংলাদেশের সড়ে ছয় লক্ষ আইটি ফ্রিল্যান্সার তারা ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে।

পলক বলেন উদ্ভাবনই হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র আর দেশের আগামী দিনের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্টার্টআপ। তাদের জন্য সরকার ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলবে। এই ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলার জন্য আমাদের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে এই" ভিশন ২০২১ টাওয়ার"। এ টাওয়ার হবে সারা বাংলাদেশের জ্ঞান নির্ভর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। এর সাথে যুক্ত থাকবে দেশের আরো ১০টি বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশে ৩৯টি হাইটেক পার্ক , ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশের ৩৮শ ইউনিয়ন  অপটিক্যাল ফাইবার ক্যাবলের সাথে সংযুক্ত। এর ফলে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি, আইসিটি উপদেষ্টার নির্দেশে গত ১২ বছরে জযথাযথ অবকাঠামো গড়ে তোলার কারণেই এসব সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিকুল ইসলাম।

ইত্তেফাক/আরকে