অনিয়ম ঠেকাতে আমদানি ও রফতানিতে সব পণ্যই এখন থেকে শতভাগ স্ক্যানিং করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব। তাই, ব্যবসায়ীদেরও দেশ ও সংস্কারবান্ধব হতে হবে। কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাই না। কাউকে কষ্ট দিয়ে রাজস্ব আদায় করতে চাই না। তবে রাজস্ব দেবে না সেরকম কাউকে আমরা প্রত্যাশাও করি না। তিনি বলেন, শিল্পের কাঁচামালসহ সব কিছুই শতভাগ স্ক্যানিংয়ের আওতায় আনা হবে। বর্তমানে ১০ শতাংশ পণ্য স্ক্যানিং করা হয়।
