একটি গাড়ি দুর্ঘটনার পর নিজের ড্রাইভিং লাইসেন্স সমর্পণ করেছেন ব্রিটেনের ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্যালেস শনিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। গত মাসে ৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপের গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা দিয়েছিল যাতে ওই গাড়ির নারী চালক আহত হয়েছিলেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। ব্রিটেনের পুলিশ গাড়ি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে (সিপিএস) পাঠিয়েছে। সিপিএস সিদ্ধান্ত নেবে প্রিন্স ফিলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা। সিপিএস’র মুখপাত্র জানিয়েছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতার সঙ্গে তদন্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করবেন। প্রিন্স ফিলিপের লাইসেন্স সমর্পণের বিষয়টিও আমলে নেওয়া হবে বলে মুখপাত্র জানান। গাড়ি দুর্ঘটনার জন্য ফিলিপ দু:খ প্রকাশ করেছিলেন। তবে দুর্ঘটনার ৪৮ ঘন্টা পর সিট বেল্ট না বেধে গাড়ি চালানোয় ফের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। -সিএনএন
