বাইলামরা খালে বাঁধ দিয়ে মাছ নিধন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮

হোমনা উপজেলার ভিটি কালমিনা ও আলীপুর গ্রামের বাইলামরা খালের মুখে বাঁশের বাঁধ ও কারেন্ট জালে মাছ শিকার করছে প্রভাবশালী মহল। এতে বাঁশের তৈরি বানার সঙ্গে পানির সে াত বাধাগ্রস্ত হয়ে ধরা পড়ছে ছোট-বড় নানা প্রজাতির দেশি মাছ। এতে একদিকে কমছে দেশি প্রজাতির মাছ অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলীপুর, ফতেরকান্দি, রামপুর, শরীফপুর ও কালমিনা গ্রামের মত্স্যজীবী জেলেরা। এছাড়া বাঁধের কারণে বন্ধ রয়েছে নৌকা চলাচল। ভিটি কালমিনা গ্রামের বাসিন্দা মো. কামলা মিয়া অভিযোগ করে বলেন, খালের মাধ্যখানে বাঁধ দেওয়ায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। কেউ প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হচ্ছে। উপায়ন্তর না পেয়ে বাঁধ অপসারণ করতে মো. কামাল মিয়া নামে একজন দুই সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খালের মুখ বন্ধ করে বাঁধ দিয়ে মাছ নিধনকারীদের একজন মো. সফিকুল ইসলাম বলেন, খালে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়ে কি আইন আমার জানা নেই।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, উম্মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ নিধনের বিষয়ে স্থানীয় লোকজন আমার কাছে অভিযোগ দিলে বিষয়টি উপজেলা মত্স্য কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। উন্মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে কেউ অবৈধভাবে মাছ নিধন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। হোমনা উপজেলা মত্স্য কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন, খালের মাধ্যখানে অবৈধভাবে বাদ দিয়ে মাছ নিধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। আমি ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে মাছ নিধনের সত্যতা পেয়েছি। তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনের সময় যারা অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ নিধন করছেন তাদের বাঁধ সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছি।