পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারির হাট। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার কপিলমুনি বড় বাজার সুপারী হাটে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে ব্যাপারিরা হাটে এসে সুপারি বেচাকেনা করছেন। বাজারে ৩৫০-৪০০ টাকা দরে সুপারির কুড়ি (৫৫) বিক্রি হচ্ছে। পাইকারি সুপারি ব্যবসায়ী আকবার হোসেন বলেন, এক সময় বাগেরহাটের সুপারির ওপর নির্ভর করতে হতো আমাদের। কিন্তু এখন উপজেলায় সুপারির ব্যাপক চাষ হচ্ছে। পাইকগাছা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, লোনাজমিতে এখন উন্নতজাতের সুপারি বাগান হচ্ছে। উপজেলার প্রায় প্রতিটা বাড়িতে কমবেশি সুপারিগাছ রয়েছে। বাজারে সুপারির চাহিদা ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা।
