আইসিসি টি-২০ বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৩ অক্টোবরই বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার কথা মাহমুদউল্লাহ-মুশফিকদের। করোনাকালে সারা বিশ্বের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও স্বাস্থ্য বিষয়ক কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। বিশেষ করে কোয়ারেন্টাইন প্রায় দেশেই বাধ্যতামূলক।
তবে টাইগারদের স্বস্তির খবর ওমানে কোয়ারেন্টাইনের বড় ঝক্কি পোহাতে হবে না। মাত্র এক দিনের কোয়ারেন্টাইন এবং নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কোয়ারেন্টাইনের পরই অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা। বিশ্বকাপে প্রথম রাউন্ডে সব ম্যাচই ওমানে খেলবে বাংলাদেশ।
ওমানে প্রবেশের আগে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে সবাইকে। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আপাতত আমাদের কাছে যে তথ্য আছে ওমানের, এখান থেকে টেস্ট রিপোর্ট (নেগেটিভ) নিয়ে যেতে হবে। সবাইকে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে।’
