সিলেটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে চাপে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানে পিছিয়ে বাংলাদেশ যুব দল। বিলাল সায়েদির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২২৬ রান তুলে গতকাল দিনের খেলা শেষ করেছে আফগানরা।
গতকাল গোটা দিনে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান যোগ করেছে সফরকারীরা। ৮৪ রানে ৬ উইকেট হারালেও ৭ম উইকেটে দলের হাল ধরেন বিলাল সায়েদি ও কামরান হোটাক। তারা ১৪০ রানের জুটি গড়েন। কামরান ৬৬ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ওপেনার বিলাল সায়েদি। ১০১ রান করে তিনি অবসরে যান। খারোটে ১৫, আফগান অধিনায়ক ইজাজ আহমেদ ১২ রান করেন। বাংলাদেশের আশরাফুল ইসলাম ৩টি, আহসান হাবিব, মুশফিক হাসান, মেহেরব, আইচ মোল্লা ১টি করে উইকেট পান।
