দীর্ঘদিন ধরেই গৃহবন্দি হয়ে থাকা ব্যান্ড তারকাদের অনেকেই মানবেতর জীবন পার করেছেন। ব্যান্ড দলগুলোর আয়ের মূল উত্সই হচ্ছে লাইভ কনসার্ট। করোনার কারণে যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ব্যান্ডের এমন দুর্দশা নিয়ে অনেক ব্যান্ড তারকাই নিজেদের আক্ষেপের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন।
এবার সেই আক্ষেপের অবসান হচ্ছে। কনসার্টে ফিরছে ব্যান্ডগুলো। সরকার কনসার্ট করার অনুমতি দেওয়ায় আগামী ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনাল হলে একটি কনসার্ট আয়োজন করা হচ্ছে।
কনসার্টটিতে দেশের জনপ্রিয় বেশকিছু ব্যান্ড অংশ নেবে। যাদের মধ্যে রয়েছে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, নেমিসিস, সাভাগ্রে, ইনকোরসহ বেশ কয়েকটি ব্যান্ড।
কনসার্টে অংশগ্রহণ প্রসঙ্গে শিরোনামহীন ব্যান্ডের কর্ণধার জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এরইমধ্যে কনসার্টে পারফর্ম করার অফিসিয়াল সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা এখন কনসার্টের অপেক্ষায় আছি। কারণ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লাইভ কনসার্ট থেকে আমরা দূরে এবং অন্যরকম একটা জীবনের মধ্যে ছিলাম। আশা করি আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই।’
কনসার্টটিতে অংশগ্রহণ করার কথা রয়েছে এভয়েড রাফারও। এ বিষয়ে এভয়েড রাফার দল নেতা রাফা বলেন, ‘আমরা মুখে মুখে শুনেছি কনসার্টটিতে অংশগ্রহণের কথা। অফিসিয়ালি এখনো কোনো কথাবার্তা হয়নি। তবে আজকের (গতকাল) মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’ এদিকে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে কনসার্টটি নিয়ে এরইমধ্যে উত্সাহ-উদ্দীপনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ব্যান্ড গ্রুপ থেকে টিকেট সংগ্রহও শুরু করেছেন তারা।
