ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। শুনানি শেষে হাইকোর্ট এক বছরের জন্য তাকে জামিন দেয়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ঝুমনের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী, নাহিদ সুলতানা যুথি এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান শুনানি করেন।
গত ১৫ মার্চ হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ঝুমন দাস। এ ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই মামলায় জামিন চেয়ে আবেদন করা হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত এক বছরের জন্য জামিন মঞ্জুর করে এবং এই সময়ে আদালতের অনুমতি ছাড়া ঝুমন দাস সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না।
