ফিলিস্তিনি ভূমি ছাড়তে ইসরাইলকে ‘এক বছর’ সময় দিলেন আব্বাস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৭

আব্বাস বলেন, যদি ফিলিস্তিনের

অধিকৃত অঞ্চল ছেড়ে যেতে

ইসরাইল অস্বীকৃতি জানায়, তবে

তিনি আর ইসরাইলকে

স্বীকৃতি দেবেন না

 আলজাজিরা

ফিলিস্তিনের ভূমি  ছাড়তে ইসরাইলকে এক বছর সময় দিয়েছেন ফিলিস্তিনি প্রেডেন্ট মাহমুদ আব্বাস। এতে যদি ইসরাইল ব্যর্থ হয়, তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যের সময় ইসরাইলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন তিনি।

তিন দশকের বেশি সময় ধরে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মাহমুদ আব্বাস বলেন, যদি ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরাইল অস্বীকৃতি জানায় তবে তিনি আর ইসরাইলকে স্বীকৃতি দেবেন না। অধিকৃত ঐ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই বলা উচিত যে, দখলদার ইসরাইলকে আগামী এক বছরের মধ্যে পূর্ব জেরুজালেমসহ অন্যান্য দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে হবে, ১৯৬৭ সালে যে অঞ্চল দখল করে নেয় ইসরাইল।’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস।

জাতিসংঘের রেজুলেশন অনুসারে, ইসরাইল এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে বছরব্যাপী কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ফিলিস্তিনের ভূমি দখলের বৈধতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যেতে প্রস্তুত রয়েছেন ফিলিস্তিনিরা। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দ্বি-রাষ্ট্র সমস্যা সমাধানের চেষ্টা বছরের পর বছর অচল হয়ে রয়েছে।’

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে নেয় ইসরাইল। ঐ অঞ্চলগুলো এখনো অবৈধভাবে দখল করে রেখেছে তারা। ১৯৯৩ সালে অসলো চুক্তি অনুযায়ী, ইসরাইলকে স্বীকৃতি দেয় ফিলিস্তিন। দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একে একটি যুগান্তকারী মুহূর্ত বলে উল্লেখ করা হয়।