ভাষণ দেবেন না মিয়ানমারের প্রতিনিধি আফগানিস্তানের হয়ে বলবেন ইসাকজাই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

 রয়টার্স

বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে চলমান সাধারণ পরিষদের এবারের বার্ষিক অধিবেশনের সূচিতে মিয়ানমারের কোনো প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা নেই বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। চলতি বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতা নেওয়ার পর জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধিত্বের প্রকৃত দাবিদার নিয়ে জান্তা ও ক্ষমতাচ্যুত সরকার পালটাপালটি অবস্থান নিয়েছিল। যে কারণে সাধারণ পরিষদে কে দেশটির হয়ে বলেন তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। পালটাপালটি দাবি আছে আফগানিস্তানের আসন নিয়েও; তবে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত আফগান সরকারের প্রতিনিধি গুলাম এম ইসাকজাই-ই সাধারণ পরিষদে দেশের হয়ে কথা বলবেন। সোমবার যারা ভাষণ দেবেন, সেই সূচিতে ইসাকজাইয়ের নাম আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের মিলনমেলা সোমবার ভাঙছে। ঐদিন মিয়ানমারের প্রতিনিধি কেয়াও মোয়ে তুন ভাষণ দেবেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল। ‘এখন বক্তাদের তালিকায় মিয়ানমার নেই’, বলেছেন স্টেফানে দুজারিক। তুনকে নিয়োগ দিয়েছিল অং সান সু চির নির্বাচিত সরকার। ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেওয়া সামরিক বাহিনী পরে অন্য একজনকে জাতিসংঘে মিয়ানমারের দূত হিসেবে মনোনয়ন দেয়।