রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈলে বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেচপাম্পের বৈদ্যুতিক শক লেগে মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদেরের (৩২) মৃত্যু হয়। উপজেলার বলিদ্বারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় কাদের তার বাড়ির অদূরে ধানখেতে সেচ দিতে যায়। সেচঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে সুইচে হাত আটকে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। সে বাড়িতে ফিরে না গেলে ঘণ্টাখানেক পরে তার মা নাতিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখেন। তাকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়দের সহযোগিতায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
