নাটোরে ইলিশের দাম চড়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

নাটোর প্রতিনিধি

নাটোরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। খুচরা বাজারে ১০০-২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা কেজিতে। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ৮০০-৯০০ টাকা এবং ৮০০-১০০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১৪০০ টাকা কেজিতে। ভরা মৌসুমে ইলিশের দাম নিয়ে হতাশ ক্রেতারা। শনিবার শহরের নিচাবাজার মাছের বাজারে গিয়ে দেখা যায়, বাজারে হাঁকডাকে ব্যস্ত পাইকারি ও খুচরা বিক্রেতারা। সেই সঙ্গে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আড়তে ছোট ও মাঝারি রকমের মাছ বেশি থাকলেও সেই তুলনায় বড় ইলিশ খুব কম দেখা গেছে।

রোজিনা বেগম নামে এক ক্রেতা বলেন, ইলিশের দাম বেশি হওয়ায় না কিনে বাড়ি ফিরে যাচ্ছি। ভরা মৌসুমেও ইলিশের যে দাম তা আমাদের মতো মধ্যবিত্তদের সাধ্যের বাইরে। করিম শেখ নামে আরেক ক্রেতা বলেন, এ বছরে প্রথম ইলিশ কিনতে এসেছি। বাজারে এসে ইলিশের যে দাম তাতে কেনা মুশকিল। তাই না কিনে বাড়ি চলে যাচ্ছি। দাম কমলে কিনতে আসব।