শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে নাজনীন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে নাজনীন বাবা-মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে সাপে তার আঙুলে কামড় দেয়। তার চিত্কার শুনে স্বজন ও প্রতিবেশীরা প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সে কিছু করতে না পারলে ভোর ৫টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
মাগুরা প্রতিনিধি মাগুরায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাগুরা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন প্রমুখ।
পাবলিক লাইব্রেরির সংস্কারকাজের উদ্বোধন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ২০০৩ সালে পাইকগাছার কপিলমুনি বাজারে প্রতিষ্ঠিত গণপাবলিক লাইব্রেরির পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রধান শিকিক্ষা রহিমা আক্তার শম্পা, আওয়ামী লীগের থানা যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, নায়েব সবুর হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু প্রমুখ।
শিক্ষকদের সঙ্গে মতবিনিময়
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে রায়পুর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রায়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন প্রমুখ।
বিনা মূল্যে চক্ষু শিবির ক্যাম্প
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে ৩৫তম বিনা মূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেবীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান। পরে ডা. আনিকা রহমানের নেতৃত্বে ছয় সদস্যের চিকিত্সক দল ক্যাম্প পরিচালনা করে প্রায় ৪০০ গরিব রোগীকে চিকিত্সা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দুর্গোত্সব উপলক্ষ্যে মতবিনিময়
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে ঈশ্বরদীতে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঈশ্বরদী থানায় এ সভা অনুষ্ঠিত হয়। থানার ওসি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এবং মৌবাড়ী ও ঠাকুরবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তী প্রমুখ। সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের কালিহাতী থানা শাখার এলেঙ্গা কার্যালয়ের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সরকারি শামসুল হক কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। নির্বাচনে মো. মজিবর রহমান গরুর গাড়ী প্রতীকে ৭৬১ ভোট পেয়ে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম মোমবাতি প্রতীকে ৪৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
