আমাদের দেশের শহর কিংবা গ্রামাঞ্চলের রাস্তার আশেপাশে বিভিন্ন হোটেল ও ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোতে খাবার পরিবেশনে হরহামেশাই পুরাতন নিউজপেপার ব্যবহার করতে দেখা যায়। বিনা মূল্যে কিংবা স্বল্প মূল্যে সংগৃহীত এসব নিউজপেপার স্ট্রিট ফুড পরিবেশনের বহুল প্রচলিত মাধ্যম, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাছাড়া ধুলাবালি ও বিভিন্ন আণুবীক্ষণিক জীবাণুযুক্ত এইসব নিউজপেপারে ব্যবহূত কার্বন কালি ও অদৃশ্যমান জীবাণু খাবারের সঙ্গে পেটে গেলে বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়ায় সংক্রমিত হওয়ায় আশঙ্কা থাকে। তাই মানবদেহকে এইসব রোগজীবাণু ও ক্ষতিকর কার্বনের বিরূপ প্রভাব থেকে রক্ষার জন্য যে কোনো খাবার পরিবেশনায় নিউজপেপার ব্যবহার নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে বিকল্প হিসেবে বিভিন্ন লাইব্রেরিতে সুলভ মূল্যে প্রাপ্ত কাগজের খাম কিংবা স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব উপকরণ যেমন সিরামিক বা কাচের তৈরি সার্ভিং পেট বা পিরিচ ব্যবহার করা যেতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এ বিষয়ে ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি করা আবশ্যক।
রেহেনুমা সেহেলী কবির, গোপালগঞ্জ
