খুশি পাপন
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনে জমাট লড়াইয়ের আভাস মিলেছে। গতকাল পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ব্যাপক সাড়া পড়েছে। তিন ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনেছেন ৩২ জন কাউন্সিলর পদপ্রার্থী।
আগামীকাল মনোনয়নপত্র দাখিল করতে হবে। পরে বাছাই, আপিল গ্রহণ-শুনানি হবে। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
কাউন্সিলরদের মনোনয়নপত্র কেনার দৃশ্যপট বলছে, তিন ক্যাটাগরিতেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কার্যালয় গতকাল সন্ধ্যায় জানিয়েছে, ক্যাটাগরি-১-এ ঢাকা ও রাজশাহী বিভাগে নির্বাচন হচ্ছে। ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য চার জন মনোনয়নপত্র কিনেছেন। রাজশাহী বিভাগের একটি পরিচালক পদের জন্য দুজন প্রার্থী হয়েছেন। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোটায় ১২টি পদ রয়েছে। গতকাল ১৭ জন কাউন্সিলর মনোনয়নপত্র কিনেছেন, যা নির্বাচনের আমেজ বাড়িয়ে দিয়েছে। ক্যাটাগরি-৩-এ একটি পরিচালক পদের জন্য দুজন প্রার্থিতা ঘোষণা করেছেন।
সব মিলিয়ে আগামী ৬ অক্টোবর নির্বাচনে ভোটের লড়াই দেখা যেতে পারে। বিসিবির সর্বশেষ দুটি নির্বাচনে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যায়নি। সিংহভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে অনেক পরিচালককে।
গতকাল দুপুরে এসে মনোনয়নপত্র কিনেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আবাহনীর কাউন্সিলর পাপন গত সপ্তাহেও বলেছেন, নির্বাচনে থাকবে না কোনো প্যানেল। তার চাওয়া নির্বাচন হোক, নতুন মুখ আসুক। গতকাল মনোনয়নপত্র কিনে স্টেডিয়াম ত্যাগের আগে পাপন আবারও সেই প্রতিক্রিয়াই ব্যক্ত করেন। তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। কালকে (গত শুক্রবার) টিভিতে দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাইছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’
মনোনয়নপত্র কিনে ক্যাটাগরি-১ থেকে গতকালই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী মেয়াদে বিসিবির পরিচালক হওয়ার সুখবর পেয়ে গেছেন সাত কাউন্সিলর। তারা হলেন চট্টগ্রাম বিভাগের আকরাম খান এবং আ জ ম নাসির, সিলেট বিভাগের শফিউল আলম চৌধুরী নাদেল, খুলনা বিভাগের শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, বরিশাল বিভাগের আলমগীর খান, রংপুর বিভাগের অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুসের পরিচালক হয়ে আসাও নিশ্চিত। অর্থাত্, বিসিবির ২৫টি পরিচালক পদের মধ্যে ৯ জন ইতিমধ্যে নির্বাচিত। বাকি ১৬টি পদে নির্বাচন হবে।
